দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের চাওয়ায় শেষ পর্যন্ত এশিয়া কাপ হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে আয়োজক হয়েছে শ্রীলঙ্কা। আসরের মোট ১৩টি ম্যাচের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায়। এক্ষেত্রে ভারত ছাড়া বাকি দলগুলোকে পোহাতে হবে ভ্রমণ জটিলতা। বিশেষ করে বাংলাদেশের জন্য এই জটিলতা একটু বেশিই।
বুধবার রাতে এশিয়া কাপের সূচী দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাতে দেখা গেছে গ্রুপ পর্বে বাংলাদেশের দুই ম্যাচের একটি শ্রীলঙ্কায়, অন্যটি পাকিস্তানে খেলতে হবে। এতে করে ২ হাজার ৭৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে টাইগারদের।
এমন সূচি দেখে টিম ম্যানেজম্যান্টের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। কেন না বিমানবন্দরে নানা ধকল তো থাকছেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এসব বিড়ম্বনা এড়াতে চার্টার্ড ফ্লাইটে আসা-যাওয়ার ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যাতে আরামদায়ক হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।’
সূচী অনুযায়ী আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ৩ সেপ্টেম্বর লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া সুপার ফোরে উঠলেও বাংলাদেশ তিন ম্যাচ খেলবে দুই দেশ মিলিয়ে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, আর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।
দুই দেশে ভ্রমণ করে খেলার কারণে ঘটতে পারে মনঃসংযোগ। শারীরিক সমস্যাও হতে পারে বলে মনে করছেন জালাল ইউনুস।
‘ট্রাভেলে তো ইমপ্যাক্ট (প্রভাব ফেলে) হয়। আমি মনে করি। এয়ারে ট্রাভেল করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে... আমাদেরও মেনে নিতে হচ্ছে।’
তবে সব পেছনে ফেলে বিশ্বকাপের আগে এশিয়া কাপ বাংলাদেশের জন্য এসিড টেস্ট হবে বলে মনে করছেন জালাল ইউনুস, ‘খুব গুরুত্বপূর্ণ। এসিড টেস্ট বলুন কিংবা প্র্যাকটিস- খুবই গুরুত্বপূর্ণ। সবাই কাপের জন্যই খেলে। প্রস্তুতি, মাইন্ডসেট সেটা ট্রফি জয়ের জন্যই। আমাদের মাইন্ডসেট তাই। প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’
৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট মুলতানে। শেষ হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।