দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ নিয়ে শঙ্কা আর নেই বললেই চলে। আগামী সেপ্টেম্বরে হাইব্রিড মডেলে পাকিস্তা ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের দর কষাকষিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এতদিন সূচি জানাতে না পারলেও চলতি সভায় চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। যা ঘোষণা হতে পারে আজ বুধবার।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের সূচির কথা জানালেও সবশেষ মিটিংয়ে একদিন এগিয়ে ৩০ আগস্ট থেকে আসর শুরু হবে বলে খসড়া সূচি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুটা একদিন এগিয়ে এলেও ফাইনাল পূর্বের নির্ধারিত দিনেই হবে।
সে অনুযায়ী আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। তবে ফাইনাল হবে কলম্বোতে। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
আসরের ১৩ ম্যাচের চারটি হবে পাকিস্তানে, ৯টি হবে শ্রীলঙ্কায়। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। আর যদি দুই দল সুপার ফোরে উঠে তাহলে ১০ সেপ্টেম্বর আবারও ক্যান্ডিতেই মুখোমুখি হবে পাক-ভারত।
খসড়া সূচি অনুযায়ী আসরের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে।
এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত এবং বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তানের ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দুটি সেরা দল জায়গা পাবে সুপার ফোরে। সুপার ফোর পর্বে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে।