দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে শঙ্কা জাগে বাংলাদেশ 'এ' দলের সেমি-ফাইনালে খেলা নিয়ে। সেই শঙ্কা আরও জোরালো হয় শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে। তবে শেষ পর্যন্ত শঙ্কা উড়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায়।
আফগানিস্তানের বিপক্ষে ২১ রানের জয়ে গ্রুপ 'এ' থেকে ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।
পি.সারা ওভালে বাংলাদেশের দেওয়া ৩০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে জুবাইদ আকবারির (১০) উইকেট হারালেও দ্রুত চাপ সামলে ওঠে ওপেনার রিয়াজ হাসান ও নূর আলী জাদরানের জুটিতে।
দুজনের জুটি ভাঙে দলীয় ১১৬ রানের মাথায় জাদরানের (৪৪) বিদায়ে। এরপর বাহির শাহকে নিয়ে অর্ধশতক পূর্ণ করে রিয়াজ থামেন ১০৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে সৌম্য সরকারের বলে ক্যাচ দিয়ে।
এরপর সালাউদ্দিন ৪৪ রান করে বিদায় নেন রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে। তবে একপাশ আগলে রেখে বাংলাদেশী বোলারদের শেষ পর্যন্ত ভুগিয়েছেন বাহির শাহ।
এছাড়া বাকি ব্যাটাররা ভেঙে পড়েন বালির বাঁধের মতো। নির্দিষ্ট ৫০ ওভারে সব উইকেট না হারালেও রানের গতি কমে যাওয়ায় লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় আফগানিস্তান। ৮ উইকেটে ২৮৭ রানে থামতে হয় তাদের।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন তানজিম হাসান। ২টি করে উইকেট নেন রাকিবুল ও সৌম্য। ১ উইকেট নেন রিপন মণ্ডল।
এর আগে সকালে টস জিতে ব্যাট করলে নেমে ব্যক্তিগত ৯ (৯) রানে সাজঘরে ফিরেন তানজিদ হাসান। এরপর আরেক ওপেনার নাঈম শেখ ফেরেন ১৮ (১৯) রান করে।
দলনেতা সাইফ হাসান ৪ রান করে ফিরলেও জাকির হাসানকে নিয়ে লম্বা জুটি বাঁধেন মাহমুদুল হাসান জয়। জাকির ফিফটি তুলে ৭২ বলে ৬২ রান করে ফিরলেও সৌম্য সরকারকে নিয়ে শতক পূর্ণ করে ফেলেন জয়।
সৌম্য ৪৮ রানের ইনিংস খেলেন ৪২ বলে সমান ৩টি করে চার ও ছক্কা দিয়ে। আকবর আলী করেন ৪ রান। তবে শতক হাঁকিয়ে আর এগুতে পারেননি জয়, ১১৪ বলে ১২টি চার ও ৩ ছক্কায় বরারর ১০০ করে থামেন।
শেষ দিকে শেখ মেহেদীর ৩৬ (১৯) ও রাকিবুল হাসানের ১২ বলে ১৫ রানের ইনিংসে ভর করে ৩০৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে ৪ উইকেট নেন মোহাম্মদ সালিম। ১ উইকেট করে নেন মোহাম্মদ ইবরাহিম, জিয়া উর রেহমান ও ইজহারুল হক নাভিদ।