দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা যুবা দল। চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস স্টেডিয়ামে রোমাঞ্চকর সেমিফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে সপ্তম শিরোপার পথে এগিয়ে গেল আলবিসেলেস্তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৭২তম মিনিটে। গিয়ানলুকা প্রেস্টিয়ানির দারুণ পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড মাতো সিলভেত্তি।
প্রথমার্ধে দুই দলই খেলেছে বেশ সতর্কভাবে। ভুল এড়াতে আক্রমণের চেয়ে রক্ষণে জোর দেয় উভয় দল। ফলে বিরতির আগে গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলা। বিরতির পর আর্জেন্টিনা কোচ দিয়েগো প্লাসেন্তে কৌশল বদলে পাঁচ ডিফেন্ডারের ফরমেশন থেকে আক্রমণাত্মক কৌশলে ফেরেন, যার সুফল আসে সিলভেত্তির গোলে।
তবে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি কলম্বিয়া। সমতায় ফিরতে মরিয়া চেষ্টায় এগোয় তারা, কিন্তু ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি মিডফিল্ডার জন রেনতেরিয়া। এক জন কম নিয়ে বাকি সময় আর ফিরতে পারেনি কলম্বিয়া।
অল-ল্যাটিন আমেরিকা সেমিতে বল দখলে (৫৪%) এগিয়ে ছিল কলম্বিয়া, তবে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কলম্বিয়া ১৩টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখলেও, আর্জেন্টিনা ১৪ শটের মধ্যে ৫টি অন টার্গেট নেয়।
অন্য সেমিফাইনালে চমক দেখিয়েছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১–১ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৫–৪ গোলে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। এটি মরক্কোর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফাইনাল, এর আগে তাদের সেরা সাফল্য ছিল ২০০৫ সালে সেমিফাইনালে ওঠা।
আগামী ২০ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো। যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবার শিরোপা জিতেছিল ২০০৭ সালে। এবার দীর্ঘ ১৮ বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার সুযোগ পাচ্ছে তারা।
জে আই