দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামের পরিচিত মুখ গামিনি ডি সিলভা। লম্বা সময় ধরেই মিরপুরের উইকেট তৈরি করছেন শ্রীলঙ্কান এই পিচ কিউরেটর। তবে তাকে এবার দেখা গেল সিলেটের উইকেট তৈরি করতে।
ওয়ানডে সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগাররা এখন সিলেটে। অন্যদিকে মিরপুরে চলছে বাংলাদেশ ও ভারত নারী দলের সিরিজ। তাই দুই দিকেই সামলাতে হচ্ছে গামিনিকে। সিলেটের উইকেট তৈরি করে চলে যেতে হবে ঢাকায়।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে পিচ নিয়ে তাকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। প্রায় সপ্তাহ খানেক আগেই সিলেটে গিয়ে পিচের কাজ শুরু করেন গামিনি। এর মধ্যে চলমান বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজের জন্য তাকে ঢাকাতেও ফিরতে হয়েছিল।
ডিসেম্বর থেকে সিলেটের ভারতীয় পিচ কিউরেটর সঞ্জীব আগারওয়াল আর দায়িত্বে নেই। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কবির হোসেনকে পিচ কিউরেটরের দায়িত্ব দেয়। গামিনির অধীনে কবির সিলেটের উইকেট নিয়ে কাজ করছেন।
বিসিবি সূত্র জানিয়েছে সিলেটের কিউরেটর চাকরি ছাড়ার পর গামিনি দেখভাল করছেন। গামিনির নির্দেশনায় কবির সিলেটে থেকে উইকেটের দেখভাল করছেন।
১৪ জুলাই সিলেটে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।