দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কার মাঠে ৩–০ গোলের জয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।
ম্যাচের ২১তম মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত ক্রসে হেড করে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। অল্প সময়ের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। তবে গোলের মুহূর্তে মায়োর্কার এক খেলোয়াড় মাটিতে পড়ে থাকলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ায় কিছুটা বিতর্ক তৈরি হয়। নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত সঠিক হলেও স্বাগতিক সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা যায়।
প্রথমার্ধের শেষ দিকে ইয়ামালের ওপর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার এক ডিফেন্ডার। বিরতির ঠিক আগেই আরও একটি লাল কার্ড দেখতে হয় দলের স্ট্রাইকারকে। নয়জন নিয়ে খেলতে নামা মায়োর্কা দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ চাপের মুখে পড়ে। শেষ দিকে ইয়ামাল নিজেই দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ থাকলেও জয়টা বার্সেলোনার জন্য ছিল একেবারেই প্রাপ্য। মৌসুমের প্রথম ম্যাচেই এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে কাতালানরা যেন বার্তা দিল লা লিগার শিরোপার দৌড়ে আবারও তারাই সবচেয়ে বড় দাবিদার।
জেআই/কে