দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিঠের পুরনো চোটের কারণে গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। সেই চোট থেকে ফেরার লড়াই এখনও চলছে দেশসেরা এই ওপেনারের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই খেলবেন বলে জানিয়ে দিয়েছেন তামিম।
মঙ্গলবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক নিজেই নিশ্চিত করেছেন খেলার ব্যপারে। প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে তামিম ইকবাল বলেছেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ঠিক আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।’
নিজেকে ফিট বলে দাবি করে খেললেও দলের ক্ষতি হোক এমন কিছু করতে চান না তামিম, ‘আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি আগামীকালের জন্য প্রস্তুত।’
ম্যাচের চলাকালীন কোনো সমস্যা হলে কী হতে পারে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কাল কী হয়!’
প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আনুষ্ঠানিক অনুশীলন করলেও তামিম ব্যাটিং, ফিল্ডিং কিছুই করেননি। গতকাল অবশ্য মাঠের মাঝে থ্রো ডাউনের বিপক্ষে মিনিট বিশেক ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।