দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের শুরুতে বাংলাদেশের কাছে রেকর্ড রানে একমাত্র টেস্ট হেরেছে আফগানিস্তান। এরপর ঈদের ছুটি শেষে দ্বিতীয় দফায় আবারও বাংলাদেশ সফরে আসবে আফগানরা। এই দফায় ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে।
আফগান টেস্ট দলটা তারুণ্যের আধিক্য থাকলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি দল গড়া হয়েছে মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে। বলা যায়, টেস্টের মতো ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ দুটি সহজে ছাড়বে না আফগানরা। সেটাই মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।
শনিবার মিরপুরে গণমাধ্যমে পোথাস বলেছেন, ‘তারা খুবই শক্ত প্রতিপক্ষ। এটা রোমাঞ্চকর সিরিজ হবে এবং খুবই কঠিন সিরিজ হবে।’
আফগানদের অভিজ্ঞ দল নিয়ে পোথাস বলেন, ‘তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের তাতিয়ে দিতে পারে।’
ঈদের আগে শনিবার শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঈদের পরপরই আফগানরা আসবে। এই সিরিজ পরেই রয়েছে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। পোথাস মনে করছেন, আফগানদের বিপক্ষে এই সিরিজ হবে দুটি আসরের সেরা প্রস্তুতি।
‘দেখুন, এই সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপ। আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো কোনও প্রস্তুতি আমরা আর চাইতে পারতাম না। তারা খুবই, খুবই ভালো ওয়ানডে দল।’