দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক লতা মন্ডল জানিয়েছিলেন, কোনও লক্ষ্য ঠিক করেননি ইমার্জিং এশিয়া কাপের জন্য। তবে লক্ষ্য ঠিক না করে হংকং গেলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।
নির্ধারিত দিনে সোমবার বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। তবে রিজার্ভ ডে ছিল। আজ মঙ্গলবার রিজার্ভ ডেতে খেলা মাঠে গড়ালেও ছিল বৃষ্টির দাপট। হংকং এর মিশন রোড গ্রাউন্ডে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে।
টস জিতে আগে ব্যাট করতে নামলেও শুরুটা হয় বেশ বাজে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭ উইকেট হারিয়ে ৯ ওভারে মাত্র ৫৯ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন আট নম্বরে ব্যাট করতে নামা নাহিদা আকতার। এছাড়া ১০ রান আসে রাবেয়া খানের ব্যাটে। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ফাতিমা সানা। ২ উইকেট নেন আনশা নাসির। ১টি উইকেট নেন তুবা হাসান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে আসে সর্বোচ্চ ১৮ রান। ৬ রানের জয়ে প্রথমবার আয়োজিত ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নাম লেখায় লতা-মুর্শিদারা।
আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারত চলে যায় ফাইনালে। আগামীকাল ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।