দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ ৫ অক্টোবর, একই দিনে বাবা-ছেলের জন্মদিন। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সফল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার ছেলে সাহেল মোর্ত্তজার জন্মদিন। কাকতালিয়ভাবেই বাবা-ছেলের জন্মদিন একই দিনে।
মাশরাফী জীবনের ৩৯ বছর পেরিয়ে ৪০ বছরে পা রাখছেন। তিনি ১৯৮৩ সালের ৫ অক্টোবর এই দিনে নড়াইল শহরের মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার ডাকনাম কৌশিক। মাশরাফীর পিতার নাম গোলাম মোর্ত্তজা স্বপন ও মা হামিদা মোর্ত্তজা বলাকা।
তার ছেলে সাহেল মোর্ত্তজা পা রাখছেন ৯ বছরে। ২০১৪ সালের ৫ অক্টোবর মাশরাফী বিন মোর্ত্তজা ও সুমনা হক সুমির ঘর আলোকিত করে দ্বিতীয় সন্তান সাহেল মোর্ত্তজা আসেন পৃথিবীতে। সাহেল রাজধানী ঢাকার একটি বেসরকারী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করছেন। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফী-সুমি দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কাকতালীয় ভাবে একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াতে পরিবারে যেমন বাড়তি আনন্দ বইছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা পেসার সর্বমোট লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১১ বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফীকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ২০১১ সালের দেশের মাটিতে বিশ্বকাপ। ২০১৭ সালে ৬ এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে থেকে অবসর নেন। মাশরাফী বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি অধিনায়ক থাকা অবস্থায় অবসর নেন।
২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে হোম সিরিজে তিনি অধিনায়কত্ব পান। ২০১৫ সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৬ মার্চ সফররত জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় ওডিআই ম্যাচের পর ওডিআই দলের অধিনায়ক পদ থেকে সরে যান।
ইএসপিএন কর্তৃক পরিচালিত ‘ওয়ার্ল্ড ফেইম ১০০’ এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে মাশরাফি অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১১৭ ম্যাচে নেতৃত্ব দানকারী বাংলাদেশ ক্রিকেট দলের এযাবৎকালের সফল অধিনায়ক মাশরাফী। ইএসপিএন ক্রিক ইনফোর তথ্য মতে, ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা পর্যন্ত ম্যাশ তিন ফর্মেটে ২৯৯ ম্যাচে উইকেট শিকার করেছেন ৩৮৫টি, ব্যাট হাতে ৪টি হাফ সেঞ্চুরিসহ ২ হাজার ৯২৬ রান করেছেন।
ইনজুরি, রাজনৈতিক ব্যস্ততাসহ নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি এ পেসারের। তবে খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া লিগগুলোতে।
আন্তর্জাতিক ক্রিকেট তারকা মাশরাফী ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মনোনিত হন।
এফএইচ/এমআর