দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত তখন পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশ ব্যর্থ হয়ে অপেক্ষায় নিয়ম রক্ষার ম্যাচটা খেলে দেশে ফেরার। এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ছাড়া আর কোনো ম্যাচে সেভাবে ছাপ রাখতে পারেনি টিম টাইগার্স। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়েও খুব একটা প্রত্যাশা ছিল না কারোর।
ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত তাদের নিয়মিত খেলোয়াড়দের বদলে অন্যদের বাজিয়ে দেখার সুযোগ নেয়। একই সুযোগ নেয় বাংলাদেশও। ম্যাচ খেলার সুযোগ না পাওয়াদের সুযোগ করে দেয় এই ম্যাচে। তাতেই কী না বাজীমাৎ করেছে বাংলাদেশ।
ভারতকে ৬ উইকেটে হারিয়ে দারুণ এক ম্যাচ উপহার শুধু বাংলাদেশকেই দেয়নি, বেশ শান্তি পেয়েছে পাকিস্তানিরাও। কেন না, ভারতের কাছে বেশ বাজে ভাবে হেরে যায় পাকিস্তান। তাই তো বাংলাদেশের জয়ে খোলস ছেড়ে বের হওয়ার সুযোগ পেয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
ভারতকে উদ্দেশ্য করে সাবেক তারকা পেসার শোয়েব আকতার বলেছেন, ভারতের জন্য এই পরাজয় লজ্জার। সূর মিলিয়ে সাবেক তারকা রমিজ রাজা বলেন, এই ম্যাচটা সতর্কবার্তা ভারতের জন্য।
বাংলাদেশ ভারতকে হারানোয় পাকিস্তানিরা আনন্দিত উল্লেখ করে শোয়েব আকতার তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমিসহ পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ছিল।’
ভারতের জন্য এই ম্যাচ সতর্কবার্তা উল্লেখ করে রমিজ রাজা বলেছেন, ‘বাংলাদেশ ভারতকে সতর্কবার্তা দিল। মানছি, প্রধান খেলোয়াড়েরা খেলতে পারেননি। কিন্তু এরপরও ফাইনালের আগে জেতা প্রয়োজন ছিল। এটা অবশ্য নিয়ম রক্ষার ম্যাচ। যদিও এ ধরনের ম্যাচের ভালো ব্যাপার হচ্ছে, বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ মেলে। বাংলাদেশও বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করেছে, যেখানে দু-তিনজন অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছে।’
এমআর/