দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে বাংলাদেশের পেসার নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই গতি তারকা। তবে চোটের ধকল কাটিয়ে ওঠার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাহিদ।
গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার বিষয়টি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।
পেজটির অ্যাডমিন পরিচয়ে দেওয়া পোস্টে বলা হয়, গত চার দিন ধরে জ্বরে ভোগার পর বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন নাহিদ। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। এর আগে থেকেই তাঁর শিনে (পায়ের সামনের হাড়ে) সমস্যা ছিল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমসসহ একাধিক সিরিজে খেলা হয়নি তাঁর। পুনর্বাসন চলাকালে কোমরের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাঁকে।
অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন নাহিদ। এরপর পূর্ণ গতিতে বোলিংও শুরু করেন। তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে তাঁর আরও কিছুটা সময় প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তাঁর ফেরার সম্ভাবনা থাকলেও সতর্কতার কারণে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় মাঠে ফেরার পরিকল্পনায় আবারও বাধা তৈরি হলো।
এমএস/