দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাদিও মানে—ফুটবল বিশ্বের পরিচিত এক নাম। লিভারপুল, বায়ার্ন মিউনিখ কিংবা আল নাসরের জার্সিতে তাঁর অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করেছে কোটি ভক্তকে। তবে মাঠের গোল আর ট্রফির বাইরেও তাঁর রয়েছে এক অনন্য পরিচয়—মানবিক মানুষ হিসেবে।
সেনেগালের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রাম বাম্বালি। রাজধানী ডাকারের প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই গ্রামে একসময় হাসপাতাল ছিল না। প্রসববেদনা উঠলে চিকিৎসার জন্য নির্ভর করতে হতো দূরবর্তী এলাকার ওপর। সময়মতো চিকিৎসা না পেয়ে মা ও নবজাতকের জীবন ঝুঁকিতে পড়ত। এই বাস্তবতা মানের জীবনেও গভীর প্রভাব ফেলেছিল। তাঁর বোনের মৃত্যুর স্মৃতি থেকেই গ্রামে হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখেন তিনি।
২০২০ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’
অবশেষে ২০২১ সালের জুনে বাস্তব হয় তাঁর সেই স্বপ্ন। মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন করা হয়। বর্তমানে বাম্বালি ছাড়াও আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষ এখান থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন।

এটাই অবশ্য মানের প্রথম মানবিক উদ্যোগ নয়। ২০১৯ সালে গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে আড়াই লাখ পাউন্ড দান করেন তিনি। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করেন।
সাত বছর বয়সে বাবাকে হারানো মানে শৈশবে দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন। একসময় খালি পায়ে ফুটবল খেলেই দেখেছিলেন বড় হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম তারকায় পরিণত করেছে। লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে করেছেন ১২০ গোল। জিতেছেন চ্যাম্পিয়নস লিগও।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন মানে। সেনেগালের জাতীয় দলের ক্যাম্পে যোগ না দিয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের পাশে থাকতে রিয়াদে অবস্থান করেছেন তিনি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
মাঠের বাইরে তাঁর এই সিদ্ধান্ত যেন আরও একবার মনে করিয়ে দেয়—জীবনে সব অর্জন ট্রফি কিংবা গোলের হিসাবে মাপা যায় না।
বাম্বালির হাসপাতালের কোনো এক কক্ষে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন শিশু। তাদের নিরাপদ জন্মের পেছনে রয়েছে এক ফুটবলারের মানবিক স্বপ্ন। সাদিও মানের সবচেয়ে বড় অর্জন হয়তো এখানেই।
এমজে