দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থতা, বোলিংয়েও প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে লড়াইয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত চার দিনের বেশি টিকতে পারল না স্বাগতিকরা। বৃষ্টির বাধা পেরিয়ে মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল টাইগাররা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭২ রানে। জবাবে নাঈম হাসানসহ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৪৫ রানে। এতে ২৭ রানের মূল্যবান লিড পায় স্বাগতিকরা।
শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
দিনের শুরুতেই ওয়ারিক্যানের বলে ২২ রানেই থামতে হয় জাকির আলী অনিককে। এরপর ৮ রান করে আবারও ওয়ারিক্যানের শিকার হয়ে ফেরেন হাসান মাহমুদ। একাই লড়াই করেন নাঈম হাসান। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে এই স্পিনার ৫২ রানে ফিরলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।
ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ভালো বোলিং করতে ব্যর্থ হন বাংলাদেশের তিন স্পিনার। সুযোগ কাজে লাগিয়ে দুই ওপেনার ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ভালো শুরু এনে দেন সফরকারীদের। উদ্বোধনী জুটি থেকে আসে ১১২ রান। এই জুটি ভাঙে ক্যাম্পবেল ৪৯ রানে শরিফুলের শিকার হলে। এরপর ১ রান করে ফেরেন ত্যাগনারায়ন চন্দরপল। তবে কিং ও কাভেম হজের অর্ধশত রানের জুটি উইন্ডিজকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
কেএম