দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। এল ন্যাসিওনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩০ জুন অ্যানফিল্ড ছাড়তে পারেন এই ডাচ তারকা। ট্রান্সফার ফি ছাড়াই তাঁকে দলে নেওয়ার সুযোগ থাকায় বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী ফন ডাইকও।
প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা নতুন একজন সেন্ট্রাল ব্যাক খুঁজছে। স্পেনে নতুন অভিজ্ঞতা নেওয়ার বিষয়েও আগ্রহী ফন ডাইক। তবে বিনামূল্যে তাঁকে পাওয়ার সুযোগ থাকলেও ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
ফ্লিক মনে করেন, অভিজ্ঞ কোনো ফুটবলারকে দলে আনলে তাঁকে দলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগতে পারে। একই সঙ্গে এতে লা মাসিয়ার তরুণ প্রতিভাদের, যেমন জেরার্ড মার্টিনের, খেলার সুযোগও কমে যেতে পারে। তাই রক্ষণভাগে তরুণ কোনো সেন্টার ব্যাককে যুক্ত করার পক্ষপাতী জার্মান এই কোচ।
এ ক্ষেত্রে আলেসান্দ্রো বাস্তোনি ও নিকো শ্লটারবেকের মতো ডিফেন্ডারদের ফ্লিকের পছন্দের তালিকায় রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ যদি শেষ পর্যন্ত অভিজ্ঞ কোনো ফুটবলারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ফন ডাইকের চেয়ে আইমেরিক লাপোর্তেকে অগ্রাধিকার দিতে পারেন ফ্লিক।
২০১৯ সালের ব্যালন ডি’অর ভোটে লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ফন ডাইক। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ, দুটি প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জিতেছেন তিনি। ৮০ মিলিয়ন ইউরোর বেশি ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর ক্লাবটির রক্ষণভাগের অন্যতম নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই ডাচ ডিফেন্ডার।
এখন ফন ডাইকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বার্সেলোনা কর্তৃপক্ষের হাতে। ফ্লিক তরুণ ডিফেন্ডারকে অগ্রাধিকার দিলেও অভিজ্ঞ কাউকে নেওয়ার সিদ্ধান্ত হলে ফন ডাইকও আলোচনায় থাকতে পারেন।
এমএস/