দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অন্যতম বৃহৎ এবং পুরোনো বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে ঢিমেতালে। দফায় দফায় সময় বৃদ্ধি করেও উন্নয়নকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্টেডিয়াম খেলার উপযোগী না থাকায় ঝিমিয়ে পড়েছে স্থানীয় ক্রীড়াঙ্গন। উঠে আসছে না ক্রীড়া প্রতিভা। স্টেডিয়াম আধুনিকায়নের কাজ শেষে বরিশালে দ্রুত আন্তজার্তিক ক্রিকেট আসর বসবে আশা বিসিসি কর্মকর্তাদের।
১৯৬৬ সালে নগরীর বান্দ রোডের পাশে ২৯.১৫ একর জায়গা নিয়ে বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠা করেন তৎকালীন জেলা প্রশাসক। ১৯৭০ সালে ২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গ্যালারি নির্মাণ করা হয়। ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি, ৫ তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, প্রেস বক্স ও ফ্লাড লাইট স্থাপন করা হয়। ওই সময় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে এখানে বসেনি আন্তর্জাতিক কোনো আসর।
সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক ক্রিকেট আসরের উপযোগী স্প্রিংলার সিস্টেম আউট ফিল্ড, আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম, ভিভিআইপি বক্স, মিডিয়া সেন্টার, প্রেস কনফারেন্স রুম, ব্রডকাস্ট রুম, রেডিও রুম, ধারাভাষ্য রুম, সাংবাদিক লাউঞ্জ, কন্ট্রোল রুম, থার্ড আম্প্যায়ার স্পেস, প্যাভেলিয়ান, ভবনের দুই পাশে উন্নতমানের টেপরন গ্যালারি শেড এবং স্টেডিয়ামের বাইরে ডরমেটরি ভবন, ইনডোর ক্রিকেট প্রাকটিস, প্লেয়ার ড্রেসিং রুম, অভ্যন্তরীন সড়ক ও প্রধান গেট নির্মাণের কাজ চলছে।
তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও কাজের অগ্রগতি হতাশাজনক। মাঠ ব্যবহার উপযোগী না হওয়ায় ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি অবকাঠামোর চেয়েও জরুরি মাঠ। কিন্তু মাঠে পানি দেওয়ার ব্যবস্থা না থাকায় ঘাস মরে যাচ্ছে। এ কারণে কোনো খেলাই হচ্ছে না।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফ এন্ড সন্সের প্রতিনিধি গোলাম রসুল ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী শিবু লাল খাসকেল একে অপরের ওপর দায় চাপালেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের অভিযোগ, মাঠ না থাকায় বিভাগীয় শহর বরিশালের খেলোয়াড়দের প্রাকটিস করতে হয় পিরোজপুরে। যা দুর্ভাগ্যজনক।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকের দাবি, আগে আবাসন সমস্যা থাকলেও এখন আন্তর্জাতিক আসরের আবাসন রয়েছে বরিশালে। নিয়মিত বয়সভিত্তিক খেলা হলে বরিশাল থেকে জাতীয় পর্যায়ে সুযোগ পাবে প্রতিভাবান খেলোয়াড়রা।
অন্যদিকে আন্তর্জাতিক মানের উইকেট এবং আউটফিল্ড নিশ্চিত করতে সম্প্রতি বরিশাল স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবি’র বিশেষজ্ঞরা। এসব কার্যক্রম হয়ে গেলে দ্রুতই বরিশালে ক্রিকেটের আন্তর্জাতিক আসর বসবে আশা বিসিবি’র চিফ ফিল্ড ডিরেক্টর সৈয়দ আবদুল বাতেনের। বরিশালে স্টেডিয়ামের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বিসিবির আরেক কর্মকর্তা চিফ কিউরেটর টনি হামিংস।
প্রসঙ্গত, বরিশালের আউটার স্টেডিয়ামের অবস্থাও বেহাল। উপযোগী মাঠ না থাকায় গত ৪ বছর ধরে বয়সভিত্তিক ও স্থানীয় বিভিন্ন লীগ এবং টুর্নামেন্টের খেলা হয় না ৪ বছর ধরে।
এইউ