দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৪ বছর বয়সের মেধাবী কিশোরী রুবাইয়া ইয়াসমিন মাইশা। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী এ শিশুর ওপর সম্প্রতি ঘটে গেছে এক অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ জুলাই একটি পারিবারিক অনুষ্ঠান থেকে অস্ত্রের মুখে মাইশাকে তুলে নিয়ে যায় তার বড় বোনের সহপাঠী সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারর্দী কলেজের ইব্রাহিম, রাফি, তালহা ও সাজ নামের চার যুবক।
পরে মাইশাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত ও নানা রকম অত্যাচার করে তারা। এ ঘটনার পর প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাইশাকে। প্রায় ১৫ দিন পর জ্ঞান ফেরায় ওই ঘটনা প্রকাশ করে মাইশা।
ঘটনার পর বিষয়টিকে মোটরসাইকেল দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেষ্টা চালায় ইব্রাহিম ও তার সঙ্গীরা। পরে মাইশার কাছ থেকে বিষয়টি জানতে পেরে এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা করতে যান তার মা রেহানা পারভীন। কিন্তু সেখানে মামলা না নেওয়ায় মাগুরা জেলা জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন রেহানা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও মাইশার সহপাঠীরা। বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।
তবে এমন একটি ঘটনায় মাইশার স্বাভাবিক শিক্ষা জীবন ভেঙে পড়েছে। বিষয়টির দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে শিশুটির পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাগুরাবাসী।
এইউ