দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক সময়ের ভাঙন কবলিত শরীয়তপুরের নড়িয়ায় নেই এখন আর ভাঙনের আতঙ্ক। নেই তাদের সেই হাহাকার। ভাঙন কবলিত এলাকায় হয়েছে বেড়িবাঁধ। নামকরণ করা হয়েছে ‘জয়বাংলা এভিনিউ’। এটি এখন শরীয়তপুরের একমাত্র পর্যটনকেন্দ্রে রূপ পেয়েছে। ২০১৮ সালের আগে যেখানে মানুষ পদ্মার ভয়ালগ্রাস দেখত। এখন ‘জয়বাংলা এভিনিউ’ এ বসে পদ্মার সৌন্দর্য উপভোগ করে।
২০১৯ সালে ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে শুরু হয় নড়িয়ার ডান তীর রক্ষাবাঁধের কাজ। কাজ শেষে গত বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ১০ দশমিক ২ কিলোমিটার লম্বা এই বেড়িবাঁধের উদ্বোধন করা হয়। এর ৪ কিলোমিটার দৃষ্টিনন্দন ওয়াকওয়েতে রয়েছে হাতিরঝিলের আদলে নির্মিত সেতু, পদ্মায় নামার জন্য সিঁড়ি, গোসল করে কাপড় পাল্টানোর কক্ষ, বসার জন্য বেঞ্চ, স্ট্রিটলাইট। আর বেড়িবাঁধের পাশে রয়েছে নানা জাতের শোভাবর্ধনকারী গাছ।
এছাড়া পর্যটন কেন্দ্রটিকে ঘিরে পদ্মাপারে গড়ে উঠেছে অনেক হোটেল রেস্টুরেন্ট ও ভ্রাম্যমাণ দোকান। এতে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পদ্মাপারে।
ভাঙন বন্ধ হওয়ায় ও পদ্মাপার আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপ নেওয়ায় এ অঞ্চলের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখবে সফল এই প্রকল্প। এমনটাই জানালেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব।
পদ্মার ভাঙনে ভিটেমাটি হারা অনেকেই নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে বাঁধকে ঘিরে। জয়বাংলা স্লোগান দিয়ে যেমন দেশ স্বাধীন হয়েছিল। তেমনি জয়বাংলা এভিনিউ পাল্টে দিয়েছে এই পদ্মাপারের মানুষের জীবনমান।
এইউ