দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। হয়রানির স্বীকার হওয়া শিক্ষার্থীর অবিভাবকের অভিযোগ, জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা করার জন্য ১০ আগস্ট বিকেলে তার মেয়েসহ আরও তিনজন শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম মোবাইল ফোন দেখে রচনা লিখতে বলেন।
তবে রচনা লেখার সময় টেবিলের কাছে দাঁড়িয়ে আমিনুল তার মেয়েকে উত্যক্ত করেন বলে অভিযোগ ওই অভিভাবকের। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বলে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে।
পরের দিন ভুক্তভোগীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন এবং থানায় অভিযোগ করতে চান। এসময় প্রধান শিক্ষক থানায় অভিযোগ না করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে চাপ দেন। তবে প্রধান শিক্ষকের মীমাংসার প্রস্তাবে সাড়া দেননি অভিযুক্ত শিক্ষক। পরে ১৯ আগস্ট সকালে সালিশি বৈঠকের কারণে বিষয়টি জানাজানি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এলাকায়। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর অবিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে এ ধরনের ঘটনা এর আগেও ঘটার কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে আছে বলে জানান অনেক অভিভাবক। শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে উভয়ের ভালোর জন্য গোপনে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। তার বিরুদ্ধে ১৯ আগস্ট রাতে সিরাজগঞ্জ সদর থানায় যৌন হয়রানির মামলা করেছে শিক্ষার্থীর মা।
এইউ