দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী লেখেন, ‘সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কী পরিমাণ কষ্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই। ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম... এখানে চলছে আরেক কাণ্ড!’
হয়রানির অভিযোগ তুলে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে। এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজে-বাজে কথা লিখেছে। সঙ্গে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি। আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম।’
মোনামী জানান, বিষয়টি নিয়ে অভিযোগ করার জন্য একজন শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
নিজের বিষয়ে তিনি বলেন, তাকে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। বিভিন্নভাবে তাকে কটাক্ষ ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মোনামীর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে বা শিক্ষার্থী রাজনৈতিক বিরোধের কারণে তাকে হয়রানি করছেন। এর পাশাপাশি তিনি আগে শিবিরের বিষয়ে ভালো কথা বলেছিলেন বলেও তাকে হয়রানির কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, নারীদের সরাসরি বা পরোক্ষভাবে হয়রানি করা হচ্ছে। এসব শিক্ষার্থীকেই তার পড়াতে হচ্ছে—এ নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষ দিকে চাকরি ও আয়ের প্রয়োজন না থাকলে এমন শিক্ষার্থীদের পড়ানো চালিয়ে যেতেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া চাকরি পরিবর্তনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
/অ