দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার ২ মন্ত্রীকে খাবার খাওয়ালেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাওয়ান ডিবিপ্রধান।
বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার হোসেনপুর গ্রামের বাড়িতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।
ডিবিপ্রধান হারুন অর রশিদ তার ফেসবুক পেজে লেখেন— পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন।
তিনি আরও লেখেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রে আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন তারা। রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছু সময় বাড়িতে অবস্থান করেন। এরপর তারা আমার বাসায় দুপুরের খাবার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করান ডিবিপ্রধান হারুন অর রশীদ। এরপর ২৯ আগস্ট ডিবি কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আপ্যায়ন করান তিনি। এ আপ্যায়নের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
আরএ