দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের সৌদিকরণ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার ১৯ জানুয়ারি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে জানানো হয়, এখন থেকে এই দুই খাতে অন্তত ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে।
দীর্ঘমেয়াদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় প্রবাসী শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে অন্তত তিনজন কর্মী রয়েছে, তাদের মোট জনবলের অর্ধেকের বেশি সৌদি নাগরিক দিয়ে পূরণ করতে হবে।
নতুন বিধিমালার আওতায় মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলো সরাসরি সৌদিকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেলস খাতেও বিক্রয় ব্যবস্থাপক, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞসহ বিভিন্ন পদে প্রবাসী কর্মীদের সুযোগ আরও সীমিত করা হচ্ছে। এই সিদ্ধান্ত আগামী তিন মাস পর থেকে দেশজুড়ে কার্যকর হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদে নিয়োজিত সৌদি কর্মীদের জন্য মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ রিয়াল। বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের আকৃষ্ট করা এবং দক্ষ জনশক্তির চাকরির নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এই ঘোষণার ফলে মার্কেটিং ও সেলস খাতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে আগত কর্মীদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে বলে মনে করছেন শ্রমবাজার বিশ্লেষকরা। সৌদিকরণ প্রক্রিয়া আরও জোরদার হলে ভবিষ্যতে অন্যান্য খাতেও প্রবাসী কর্মীদের জন্য সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এমএস/