দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিল্প খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন ধরে রাখতে বিদেশি কর্মীদের ইকামা (ওয়ার্ক পারমিট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।
বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (সিইডিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে শিল্পখাতে নিয়োজিত বিদেশি কর্মীদের একটি অংশের ইকামা বাতিল করা হবে বলে জানা গেছে।
২০১৭ সালে ক্ষমতায় আসার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তেলের ওপর নির্ভরতা কমিয়ে এনে জ্বালানি খাতের বাইরে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করা এবং নতুন শিল্প ও বিনিয়োগ খাতের বিকাশ ঘটানো।
সৌদি গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বান্দর আলখোরায়েফ জানান, গত পাঁচ বছরে সৌদি আরবের শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে সৌদি আরবে সরকারিভাবে অনুমোদিত (লাইসেন্সপ্রাপ্ত) কারখানার সংখ্যা ছিল ৮ হাজার ৮৪২টি। ২০২৪ সালে তা বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে।
কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। ২০১৯ সালে সৌদির কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৪ হাজারে, যা প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি।
শিল্প খাতের আর্থিক পরিসরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান মন্ত্রী। ২০১৯ সালে শিল্প খাতের আর্থিক ভলিউম ছিল ৯০ হাজার ৮০০ কোটি রিয়াল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২২ হাজার কোটি রিয়ালে।
বান্দর আলখোরায়েফ বলেন, আমরা সৌদি আরবের শিল্প খাতে যে অগ্রগতি অর্জন করেছি, তা ধরে রাখতে চাই। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: সৌদি গেজেট
জে আই