দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। পরে তিনি দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া রিয়াদে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দূতাবাস চত্বরে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ও পরবর্তী অগ্রগতিতে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক ঐক্য বজায় রেখে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, মহান স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গঠনে প্রবাসীদের অবদান ছিল অনন্য। পাশাপাশি মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে প্রবাসীদের ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রথমবারের মতো পোস্টাল ভোটে নিবন্ধনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক উত্তরণে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির মোফাজ্জল হোসেন স্বপন, সবুর আহমেদ এবং ডা. গোলাম হাসনাইন সোহান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।