দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করে ঘরে ফিরবেন তারা।
শনিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী লংমার্চের কুমিল্লার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, মাদকের বিস্তারসহ নানা কারণে জননিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিগত সরকারের পক্ষপাতিত্বের কারণে কুমিল্লাকে বিভাগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার দাবিও জানান তিনি।
পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম বক্তব্য দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
এমএস/