দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চের সিদ্ধান্তকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে বর্তমান পরিস্থিতিতে এ কর্মসূচি আরও কিছুদিন পরে হলে ভালো হতো।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল এবং দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাট ও বিভিন্ন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র সাত মাসের মাথায় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া প্রতিবেদনে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল। এরপরও বহু কোটি টাকা পাচারের তথ্য বেরিয়ে আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকার একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে জ্বালানি খাতকে চরম সংকটে ফেলে গেছে। বিদ্যুৎ খাতের সেই দায়ভার এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে কেউ বাসাবাড়ির ছাদে বা অন্য কোথাও সৌরবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করলে কর সুবিধা পাবেন। নবায়নযোগ্য জ্বালানিতে মানুষকে আগ্রহী করতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। এশিয়ায় পাকিস্তান সৌরবিদ্যুৎ ব্যবস্থায় যেমন সাফল্য পেয়েছে, বাংলাদেশেও এ উদ্যোগ বাস্তবায়িত হলে দ্রুত জ্বালানি সমস্যার সমাধান সম্ভব।
বিরোধী দলের কর্মসূচির বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সরকারি দল থেকে রাজপথে তাদের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। জনগণের বিবেকের কাছে তাদের বিচার দেওয়া হবে। জনগণ বোকা নয়, তারা সব বোঝে। ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যাওয়া হয়, তবে জনগণই এর মূল্যায়ন করবে।
তিনি বলেন, দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে সংসদের আগামী অধিবেশনেই বিস্তারিত আলোচনা হবে। সব দলের পক্ষ থেকে দেওয়া নোটিশও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ সময় বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম, কার্যনির্বাহী সদস্য কাজী জেবেল ও নাজিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএস/