দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরে জমি নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী আবু কাউসারকে (৪৩) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে নগরের ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে কাউসার হত্যার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকায় তৌহিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আবু কাউসার নগরের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কাউসারকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার চালক মাসুমও আহত হন।
নিহতের বন্ধু শামীম হোসেন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদের নেতৃত্বে তার ভাই তানজিলসহ কয়েকজন কাউসারের ওপর হামলা চালান। তৌহিদ আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকার খোরশেদ আলমের ছেলে।
শামীম হোসেনের সঙ্গে তৌহিদ ও তানজিলের ছত্রখিল এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শামীমের দাবি, তিনি জমিটি কিনেছিলেন, তবে দখল নিতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হচ্ছিল। বিরোধ মীমাংসার কথা বলে শুক্রবার তাদের ডেকে নেওয়া হয়। পরে তৌহিদের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউসার। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
কুমিল্লা মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান (বিপ্লব) জানান, আবু কাউসার আগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বড় ভাই কবির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি।
খলিলুর রহমানের অভিযোগ, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া তৌহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি আন্দোলনের বিরোধিতা করেছিলেন বলে দাবি করেন খলিলুর রহমান। তাঁর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর তৌহিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়ে তিনি ছয় মাস কারাগারে ছিলেন।
কাউসার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে নন্দিরবাজার এলাকায় লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁরা তৌহিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং বাড়ির কয়েকটি কক্ষে আগুন দেন। এতে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বাড়ির জানালার কাচও ভাঙচুর করা হয়। একই সময়ে বাড়ির সামনে থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় তৌহিদকে ডিবি গ্রেপ্তার করেছে। বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নন্দিরবাজার এলাকায় তাঁর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও জানান, তৌহিদ, তার ভাই তানজিলসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যে আই