দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে টেলিভিশনের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এ অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের সব আন্দোলনও অহিংস রাখতে চান বলে জানান তিনি।
সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের আমির সমাজের বিদ্যমান জনদুর্ভোগ নিয়ে টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন। সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি জানান, টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার অবস্থান জানানোর তাগিদ দিয়েছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দলগুলোকে স্পষ্টভাবে জানাতে হবে তারা গণভোটের রায় মেনে নেবে কি না।
গোলাম পরওয়ার আরও বলেন, সংসদে বিরোধীদল হিসেবে অতীতের যেকোনো সময়ের তুলনায় জামায়াতের গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ভূমিকার প্রশংসা করেছেন টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা।
সভায় গণমাধ্যমের দায়িত্বের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের ত্রুটি-বিচ্যুতি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
গোলাম পরওয়ার জানান, মতবিনিময় সভায় টেলিভিশনের নির্বাহী প্রধানরা চাকরির নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তাদের ভাষ্য, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় সেসব সুবিধা নেই। বেতন কাঠামো ও ওয়েজ বোর্ডসহ বিভিন্ন কাঠামোগত সুবিধার ঘাটতির কথাও তারা জানিয়েছেন।
এসব সমস্যা একটি প্রক্রিয়ার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে জামায়াত আমির আশ্বস্ত করেছেন।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও বার্তা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/