দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই ৫০টি গাড়ির বহর নিয়ে শোডাউন দেওয়ার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে ওই শোডাউন দেওয়া হয়। এতে অন্তত ৪০০ নেতাকর্মী অংশ নেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর আগে রোববার বিকেলে ৫০টি মাইক্রোবাস ও প্রাইভেটকারের বহর নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার হওয়ায় এবং ব্যয়বহুল আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় মাইক্রোবাস সমিতির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি গাড়ির ভাড়া প্রায় ৫ হাজার টাকা করে হতে পারে, ফলে মোট ব্যয় দুই লাখ টাকার বেশি হতে পারে। পাশাপাশি অংশগ্রহণকারীদের আপ্যায়ন খরচও ছিল উল্লেখযোগ্য।
অব্যাহতি পাওয়া নেতা মাসুদ রানা ৫০টি যানবাহন ব্যবহারের বিষয়টি স্বীকার করলেও ব্যয়ের উৎস সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি। পরে ফেসবুক লাইভে তিনি দাবি করেন, বেশিরভাগ গাড়ি এলপিজি ও সিএনজিচালিত ছিল।
এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটকালে এ ধরনের ব্যয়বহুল শোডাউন দায়িত্বশীল আচরণ নয় এবং এটি জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএস/