দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্য এ সেমিনারের আয়োজন করে।
সরকারের নীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, একসময় গণভোটকে হারাম বলা হলেও আবার কখনো তা আংশিক গ্রহণযোগ্য বলা হয়েছে। সংসদে বিরোধী কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তারা জনগণের অধিকার নিয়ে কথা বলা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, ‘জনগণ আমাদের সংসদে পাঠিয়েছে তাদের অধিকার আদায়ের কথা বলার জন্য, নীরব থাকার জন্য নয়।’
জামায়াত আমির বলেন, এই গণঅভ্যুত্থান কেবল শিক্ষিত সমাজ বা রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শহীদদের একটি বড় অংশ শ্রমজীবী মানুষ, যারা বৈষম্য ও শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছিলেন।
তিনি সংসদের বর্তমান পরিস্থিতিকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘জুলাই আছে বলেই আমরা আছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে হবে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই আন্দোলন কোনো ক্ষমতার ভাগাভাগির জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই আন্দোলন সবার। আপনারা পাশে থাকুন, আমরা জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এমএস/