দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বার্থ সুরক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে জামায়াত আমির উল্লেখ করেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের ফলে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পর বাংলাদেশ-সৌদি আরব রুটে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় ৬১টি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল এবং কিছু ফ্লাইটের চলাচল স্থগিত রাখা হয়েছে। চলমান পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রয়েছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে তাদের চাকরির সুযোগ হারানো, নিয়োগকর্তার সঙ্গে চুক্তিগত জটিলতা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভিসার মেয়াদ ও নিয়োগসংক্রান্ত শর্ত নিয়েও জটিলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, এ সংকট শুধু যাতায়াতের অসুবিধা নয়; বরং অনেক পরিবারের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে কার্যকর কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জানান জামায়াত আমির। বিশেষ করে চাকরি নিয়ে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের কর্মসংস্থান, ভিসা ও নিয়োগসংক্রান্ত স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রয়োজনে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগদানের সময়সীমা বাড়ানো এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিকল্প বিমানবন্দর বা রুট ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা যাচাইয়ের পরামর্শ দেন ডা. শফিকুর রহমান। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিকল্প ফ্লাইট, পুনঃটিকিটায়ন ও প্রয়োজনীয় যাত্রাসহায়তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
স্ট্যাটাসে জামায়াত আমির সতর্ক করে বলেন, এ সংকট মোকাবিলায় অবহেলা কিংবা সিদ্ধান্ত গ্রহণে অযৌক্তিক বিলম্ব সংশ্লিষ্ট যাত্রী ও তাঁদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতির জন্যও ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি সরকারের প্রতি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌদিগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বার্থ সুরক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমএম/