দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত না করায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ঢাকা-১৫ একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। জনগণের সুবিধা-অসুবিধাসংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এ জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
তবে এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি মাসের পর মাস নিয়মিত চাঁদা নিয়ে তাদের সেখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের ফলে এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর হবে।
স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি তাকে বিস্মিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তারও দায়িত্ব রয়েছে এবং তাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল, কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।
তিনি আরও বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তারপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, সেটিও বিবেচনা করা দরকার।
ভবিষ্যতে এ ধরনের যেকোনো পদক্ষেপ সমন্বিতভাবে নেওয়া এবং সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক হওয়া উচিত, কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।
শেষে তিনি বলেন, ‘তবে ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’
/অ