দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের শিশুরা যেন স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়।’ পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনের মিরপুরের ইসিবি চত্বরে নির্বাচনি পথসভায় তারেক রহমান বলেন, ‘এই শহরে ৪০টি খেলার মাঠ করা হবে। আমি এই মাটির সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি। তাই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার নাড়ির টান রয়েছে। আমরা এমন একটি ঢাকা গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল নির্বাচিত হলে সমগ্র দেশের শহরগুলোকে নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যে শহরে মা-বোনেরা যে কোনো সময়ে নিরাপদে হাঁটতে পারবে, মানুষ নির্বিঘ্নে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে। ঢাকাকে আমরা সুন্দর ও প্রাণবন্ত শহরে রূপান্তরিত করতে চাই।’
খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এই এলাকায় খেলার মাঠ নেই, কিন্তু ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠিত হলে শুধু এই এলাকায় নয়, সমগ্র ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। এতে আমাদের শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং মুরুব্বি, মা-বোনেরা বিকেলবেলা বা প্রয়োজনের সময় নিরাপদে হাঁটাচলা করতে পারবেন।’
নিজের সম্পর্কেও তিনি বলেন, ‘আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী, ঢাকা-১৭ আসনেরই সন্তান। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, আমার সন্তানরা এখানেই জন্মগ্রহণ করেছে। তাই এলাকার মুরুব্বি, মা-বোন ও ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করুন।’