দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১ সম্মেলন। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার ঢাকা ছাড়বেন।
সফরকালে ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এমজে