দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতের প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, কোনো সন্ত্রাসী ভোট কেন্দ্র দখল বা জাল ভোট দিতে পারবে না। দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, সজাগ রয়েছে, তাই কোনো ভয় নেই।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘জনগণ আমাকে বিলাসবহুল গাড়ি বা বাড়িতে চড়ে বেড়ানোর জন্য ভোট দেবে না। তারা আমাকে তাদের সেবা করার জন্য ভোট দেবে। আমি জনগণের সেবক হতে চাই, তাদের জন্য কাজ করতে চাই এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
তিনি জানান, ঠাকুরগাঁও জেলা সবদিক থেকে অবহেলিত। এখানে শান্তি ফিরিয়ে আনা হবে এবং প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। এছাড়া জেলা থেকে বেকারত্ব দূর করতে তরুণ-তরুণী শিক্ষিত যুব সমাজের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। ভারি শিল্প-কলকারখানা স্থাপন করে ঠাকুরগাঁওকে আধুনিক আসনে পরিণত করা হবে।
দেলাওয়ার হোসেন আরও বলেন, ‘চাঁদাবাজদের কোনো জায়গা দেওয়া হবে না। কেউ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে তার হিসাব নেওয়া হবে। কেউ বঞ্চিত হবেন না।’
তিনি বলেন, জনগণ জামায়াতকে বিজয়ী করলেও তারা এককভাবে সরকার গঠন করবে না, বরং সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। ভবিষ্যতে রাজনৈতিক দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং সুন্দর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে।
সভায় তিনি জনগণকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এমএস/