দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে টানা দুই দিনে ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি এবং সোমবার ঢাকা মহানগর দক্ষিণের আটটি জনসভায় তিনি বক্তব্য দেবেন।
শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনী এলাকায় তারেক রহমান জনসভায় অংশ নেবেন। এর মধ্যে ঢাকা–১৭ আসনে তার নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা–১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকা পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ ও মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর ২টা ৪০ মিনিটে তিনি বক্তব্য রাখবেন।
এ ছাড়া ঢাকা–১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকা মিরপুর–১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা–১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকা মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা–১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকা শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা–১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকা বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য দেবেন।
মাহদী আমিন জানান, সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে মোট আটটি জনসভায় যোগ দেবেন। ঢাকা–১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা–১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায় এবং ঢাকা–৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায় তিনি বক্তব্য রাখবেন।
এ ছাড়া ঢাকা–৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা–৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা–৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকা জুরাইন–দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা–৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকা ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা–৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকা লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
এমএস/