দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা টাকা নিয়ে ভোট চাইতে আসবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে। জাতিকে বিভক্ত করে কাউকে আর পেছনে টেনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার ২ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা মাঠে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি প্রান্তে মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ স্পষ্ট করে দিয়েছে তারা আর ধান্দাবাজ ও আধিপত্যবাদের দাসদের সঙ্গে নেই। তিনি বলেন, স্বাধীনতার পর ৫৪ বছর ধরে সরকার এসেছে ও গেছে, কিন্তু জনগণের অবস্থার মৌলিক পরিবর্তন হয়নি। প্রয়োজনীয় পরিবর্তন না হওয়ার পেছনে ভুল নীতি ও অনৈতিক নেতৃত্বকে দায়ী করেন তিনি।
নির্বাচনের সময় কিছু মানুষের ভণ্ডামির সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা ভোটের মৌসুমে টুপি, তসবিহ আর ধর্মীয় ভান নিয়ে মানুষের দরজায় দরজায় ঘোরে, তারা আসলে ধান্দাবাজ। তারা ভোট কেনার জন্য টাকার বস্তা নিয়ে নামে এবং মানুষের ইজ্জত ও বিবেক কিনতে চায়। এ ধরনের লোকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কেউ অবৈধ টাকা নিয়ে ভোট চাইতে এলে তাকে ধরে পুলিশে দিতে হবে, তবে কেউ যেন নিজ হাতে আইন তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
যুবসমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা বেকার ভাতা নয়, মর্যাদার কাজ চায়। জামায়াত ক্ষমতায় গেলে যুবক-যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজানো হবে এবং ধর্ম-বর্ণের কোনো বিভাজন মানা হবে না। সবাই নিজ যোগ্যতায় মর্যাদার সঙ্গে বসবাস করবে বলেও তিনি উল্লেখ করেন।
নারী ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, মায়েরা জাতির ভিত্তি এবং তাদের শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন মা শিক্ষিত হলে পরিবার, সমাজ ও জাতি আলোকিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
এমএস/