দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ দুই দলের সমাবেশ। সমাবেশ পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই দলকে ২৩ শর্ত দিয়েছে। এই শর্ত মেনে তারা তাদের পূর্বনির্ধারিত স্থানেই কর্মসূচি পালন করবে।
শুক্রবার (২৮ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ‘তারুণ্যের জয়যাত্রা’ শিরোনামে এ সমাবেশে ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণ ছাড়া ঢাকা বিভাগের সবকটি জেলা-উপজেলা থেকে কয়েক লাখ নেতা-কর্মী অংশ নেবেন। সমাবেশে জনস্রোত নামানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অন্যদিকে একই সময়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। ‘সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের’ এক দফা দাবিতে তাদের এ কর্মসূচি। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সারা দেশ থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসা শুরু করেন আরও আগে থেকেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি থাকবেন। এদিকে বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনসহ বিভিন্ন স্থানে হোটেল ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়েছে।
দুই দলের সমাবেশ নিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে দুপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে তারা যেন কোনোরকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন। আসাদুজ্জামান খান বলেন, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা জানমালের ক্ষতি কিংবা শান্তিশৃঙ্খলা বিনষ্ট হলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। দুই দলের জন্য একই নির্দেশনা থাকবে।
এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ২৩ শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আসন্ন আশুরা ও বড় দুটি দলের সমাবেশে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে, যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ।
এফএইচ