দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপিকেই তারা সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখছে।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ উদার গণতন্ত্রের পথে থাকবে, নাকি উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে। তিনি বলেন, অতীতে যারা মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, সেই ইতিহাস জনগণ ভুলে যায়নি। তারপরও বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সোজা পথে রাজনীতি করতে চায়।
তিনি অভিযোগ করেন, একটি মহল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং ভোটের বিনিময়ে বেহেশতের প্রলোভন দেখাচ্ছে। এসবকে তিনি ‘মোনাফেকি রাজনীতি’ আখ্যা দিয়ে বলেন, ধর্মের নামে রাজনীতিকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ধর্মে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন এবং আল্লাহর ওপর অবিচল আস্থার কথা বলেছেন। তাই ধর্মের নামে অপরাজনীতি গ্রহণযোগ্য নয়।
নির্বাচন নিয়ে সংশয় প্রকাশকারীদের সমালোচনা করে তিনি বলেন, আর মাত্র ২৩ দিন বাকি। এখনো কেউ কেউ বলে নির্বাচন হতে দেবে না। অথচ বাস্তবে তাদের ভোটার সমর্থন নেই। নির্বাচন হোক, দেখা যাক কে কত ভোট পায়। বিএনপি ভোটের জন্য প্রস্তুত এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন দেশের জন্য একটি কঠিন পরীক্ষা। এখানে নির্ধারিত হবে বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকবে, নাকি উগ্রবাদী শক্তির হাতে যাবে। সে কারণেই বিএনপির ৩১ দফা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সংস্কার প্রস্তাব, ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের মতো কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/