দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের শীর্ষ নেতারা। শুক্রবার সূর্যাস্তের আগে তারেক রহমান সেখানে পৌঁছাতে না পারায় বিকেল ৫টা ৬ মিনিটে নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। জনভোগান্তির কথা বিবেচনা করে তিনি দুপুরে গুলশান অ্যাভিনিউয়ের বাসায় জোহরের নামাজ আদায় করেন। পরে দুপুর ২টা ৫৪ মিনিটে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান। এ সময় উদ্যান ও আশপাশের এলাকায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান এবং স্লোগান দেন।
তারেক রহমানের চলাচলকে কেন্দ্র করে জিয়া উদ্যান, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তার লক্ষ্য।
এমএস/