দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্মকে ব্যবহার করে দেশে মবসন্ত্রাস সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী মবসন্ত্রাসের বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা দেশের সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি।
সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে পুঁজি করে ‘বট বাহিনী’ তৈরি করে নিয়মিত মবসন্ত্রাসের উসকানি দিচ্ছে। তাদের প্ররোচনায় দেশের বাইরে বসেও অনলাইনে ঘৃণা ছড়ানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, বিএনপি ও ছাত্রদল উভয়ই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা কখনো নিজের হাতে মব কালচার প্রতিহত করিনি। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করেছি। আমরা যদি তাদের মতো আচরণ করতাম, অনেক ক্যাম্পাসেই কেউ টিকে থাকতে পারত না।
ধর্মভিত্তিক রাজনীতির কড়া সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, কে ভালো মুসলিম আর কে নয় এই বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই রাজনীতি বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ।
শহীদ শরীফ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে রাকিব বলেন, এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডসহ দেশের সব মবসন্ত্রাসের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, মব সংস্কৃতির নামে দেশজুড়ে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে টিএসসি এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’, ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ নানা স্লোগান দেন।
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুকে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী মবসন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জে আই