দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, কথা নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ভাইগদিয়া পঞ্চায়েতের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপি শুধু আগামীর বাংলাদেশের স্বপ্নই দেখাচ্ছে না, বরং একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বর্তমানে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে। একই সঙ্গে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার আগমনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে বলে মন্তব্য করেন হাবিব।
হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, বরং আগামীর বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করেছেন। যে বাংলাদেশ হবে শোষণ ও দুর্নীতিমুক্ত, যেখানে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করতে পারবে।
বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপির পরিকল্পনায় রয়েছে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা। গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ভাইগদা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম হোসেন, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ আলী, মোহাম্মদ আলাউদ্দিন মুয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ইসমাইল তালুকদার খোকন, সবুজবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
আরএ