দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ বুধবারও (১৯ জুলাই) পদযাত্রা করবে বিএনপি। বিএনপির এই কর্মসূচির বিপরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দুই দলের কর্মসূচি রাজধানীর বড় অংশজুড়ে বিস্তৃত থাকবে। রাজধানীতে এ ধরনের কর্মসূচি থাকলে সাধারণত দীর্ঘ যানজটের তৈরি হয়।
এর আগে মঙ্গলবার বিএনপির পদযাত্রার কারণে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজরের সালেহপুরে যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। এই সমাবেশের কারণে শাহবাগ, মৎস্যভবন ও পল্টন এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
এদিকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের সঙ্গে যুক্ত হবে।
আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
আর বিএনপির কর্মসূচির বিপরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
বিকেল ৩টায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।