দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, পরওয়ারের মন্তব্য ছিল ‘রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘অসদাচরণ’।
বিতর্কের সূত্রপাত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। তিনি লেখেন, জামায়াতের ‘পিআর পদ্ধতি নিয়ে তথাকথিত আন্দোলন’ আসলে ছিল ‘একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা’, যা গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আলোচনাকে অন্যদিকে সরানোর কৌশল।
এই মন্তব্যে জামায়াতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও বক্তব্যে শিষ্টাচার বজায় রাখা জরুরি।
পরে সাতক্ষীরায় এক সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘একটা নতুন দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের সমালোচনা করছে। তারা এখনো নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
তার এই বক্তব্যের পর দুই দলের সম্পর্ক প্রকাশ্যে টানাপোড়েনে জড়িয়ে পড়ে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘পরওয়ারের বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয়, রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণও বটে। বয়সে তিনি আমাদের অভিভাবকের সমান, তার কাছ থেকে এমন কথা আমরা আশা করিনি।’
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘রাজনীতিতে কারও বাপ হতে চাওয়াই এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণঅভ্যুত্থানই এখনকার সব রাজনৈতিক দলের জন্মদাতা। এই বাস্তবতা অস্বীকার করা রাজনৈতিক বালখিল্যতা।’
অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, ‘মি. পরওয়ার কারও নাম বলেননি। তিনি স্নেহের অবস্থান থেকে মন্তব্য করেছেন। আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, দেশ গঠনে একসঙ্গেই কাজ করছি।’
রাজনৈতিক মহল মনে করছে, গোলাম পরওয়ারের এই বক্তব্যের মধ্য দিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে চলমান ঠান্ডা সম্পর্ক এবার প্রকাশ্যে এসেছে।
এমএস/