দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির মূল উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা এবং জনগণের ক্ষমতা তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। তিনি বলেন, ‘এই দেশের মানুষ কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না, পিআর পদ্ধতিও নয়।’
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রয়াত ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইতিহাসের এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। গত ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি ও রাষ্ট্রের আত্মাকে ধ্বংস করেছে। এখন সময় এসেছে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।’
বিএনপির বিরুদ্ধে সংস্কারবিরোধী প্রচারণা চলছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছিলেন।’
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণ এ পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। এমনকি সংসদ সদস্যদের অনেকেও এটি বোঝেন না। সংস্কার কমিশনও এমন প্রস্তাব দেয়নি। একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই এ ইস্যু সামনে এনেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের ঘোষণামতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা। আমরা চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হোক এবং দেশ দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের দায়িত্ব বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। একাত্তরের চেতনা ও পরবর্তী গণআন্দোলনের ইতিহাস থেকেই আমরা শক্তি পাব।’
স্মরণসভা সঞ্চালনা করেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এমএস/