দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
রোববার (১২ অক্টোবর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সই করা এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দাবিতে আগামী ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এছাড়াও তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আগামী ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরমধ্যে যাত্রাবাড়ী মোড়, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিবৃতিতে ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সব শক্তিকে ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিগুলো হলো- (১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।
(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আরএ