দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণ অধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুর) ডাকা কাউন্সিল প্রতিহতের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াপন্থীরা।
আজ সোমবার (১০ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে নুরপন্থীদের কাউন্সিলর হওয়ার কথা রয়েছে। তবে একই সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন রেজাপন্থীরা।
এদিকে এ নিয়ে গণ অধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে সংঘর্ষও।
কাউন্সিলে সভাপতি পদে ৪ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন- নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ এবং জাফর মাহমুদ। সাধারণ সম্পাদক পদেও ৪ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন- রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার এবং জিল্লু খান।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রেজাপন্থীরা যেকোনো মূল্যে ১০ জুলাই অনুষ্ঠেয় কাউন্সিল প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও নুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ উল্লেখ করে লিখিত আবেদন করছেন দলটির অন্তত ৫০ কেন্দ্রীয় নেতা। আজকের মধ্যেই তারা লিখিত আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন বলে সূত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে ড. রেজা কিবরিয়ার অনুসারী, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ফারুক হাসান বলেন, এটি অবৈধ কাউন্সিল। আর এই কাউন্সিল তারা গায়ের জোরে করছেন।
এর আগে গতকাল নুরুল হক নুর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে করা ফেসবুক লাইভে বলেন, এই কাউন্সিলের মাধ্যমে দলটিতে নবজাগরণ হবে। অত্যন্ত সফল কাউন্সিল হবে। বিশৃঙখলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।