দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে। এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই।
শনিবার (১৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই। তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক। তবে আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না। আমরা আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে।
ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজট হয়েছে। তবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়নি।
এই ব্রিফ্রিংয়ে জাতিসংঘ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। তাদের কথা ইসরায়েল শোনে না। বড় বড় দেশগুলোও শোনে না।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।
এফএইচ