দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকে বলে, এটা বিএনপির সংগ্রাম। এটা বিএনপির সংগ্রাম নয়, এটা দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।
বুধবার (১ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, মে দিবসে দেশের সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সংগঠন ও শ্রমিকদের কাছে- আসুন, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের (সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি) জেগে উঠতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই জনগণের ভোটের অধিকার ফিরে আনব। এই হোক আজকের মে দিবসে আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, বিএনপি শুধু নয়, এ দেশের সকল গণতন্ত্রকামী মানুষ আজ জেগে উঠছে। জেগে উঠছে তারা। আবার জেগে উঠছে। আমরা অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হবো না। আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং ভোটের অধিকার ফিরে আনব।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম ও খুন হয়েছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত। এখনও বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। এরকম একটা অবস্থায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। এ দেশের প্রশাসন, গণমাধ্যমসহ সবকিছুকে কুক্ষিগত করে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর পাঁয়তারা চলছে।
এফএইচ