দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন নতুন দল গঠন করছেন এমন আলোচনা এখন তুঙ্গে। আর সেই জল্পনার পালে হাওয়া দিয়েছেন খোদ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নিজেই।
সোমবার (৬ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপির অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে’ এমন কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের নেতৃত্বে আর একটি দল হতে যাচ্ছে। তারা শিগগিরই ঢাকায় কনভেনশন করবে। সুতরাং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নেতাদের অংশগ্রহণ ঠেকাতে পারবে না। তাই অনুরোধ জানাব দল যদি টেকাতে চান তাহলে নৈরাজ্যের পথ পরিহার করুন, নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।
তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন বিএনপির সিনিয়র নেতা মেজর (অব) হাফিজ উদ্দিন। তিনি বলেন, আপাতত আমি রাজনৈতিক পরিস্থিতির খবর রাখতে পারছি না। কারণ, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। রাজনীতির খবর রাখার মতো শারীরিক অবস্থা আমার নেই।
তবে বিএনপির নির্বাচনে আসা প্রয়োজন বলেও মনে করেন দলটির এই ভাইস চেয়ারম্যান। আর এমনটা হলে তিনি নিজেও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান মেজর (অব) হাফিজ উদ্দিন।
তিনি বলেন, বিএনপির ভোটে অংশ নেওয়া উচিত। বিএনপি নির্বাচনে অংশ নিলে আমি এই দল থেকেই নির্বাচন করব।
প্রসঙ্গত, বর্ষীয়ান এই রাজনীতিবিদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। ৭৯ বছর বয়সী এই বীরমুক্তিযোদ্ধা সাহসিকতার জন্যে বীর বিক্রম খেতাব পান। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন।
হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে সেবার পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মেজর (অব) হাফিজ উদ্দিন।
এইউ